কালীগঞ্জে ৪ প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ১০:২৬ এএম, ৩১ মার্চ ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে চারজন চেয়ারম্যান পদ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে তারা ওই ঘোষণা দেন।

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরসাদী ইউনিয়নের বিএপি প্রার্থী জয়নাল আবেদীন শেখ, মুক্তারপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. রফিকুল ইসলাম এবং জামালপুর ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. খায়রুল আলম।

নির্বাচন বর্জনকারী হারুন-অর-রশিদ অভিযোগ করেন, ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরেছে।  সকাল থেকেই নৌকার লোকজন লাঠিসোটা নিয়ে সব কেন্দ্র থেকে তাদের নির্বচনী এজেন্টদের বের করে দিচ্ছে। সেকারণে তারা ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাহাদুরসাদী ইউনিয়নের বিএপির চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন শেখ জানান, নৌকার কর্মীরা জোড়পূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলছে। তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  মো. শাহ আলম জানান, তাদের বর্জনের বিষয়টি তিনি শুনেছেন কিন্তু লিখিতভাবে কোনোকিছু জানাননি। তবে দুই-একটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোট চলছে, কোথাও কোনো গোলোযোগের ঘটনা ঘটেনি।

আব্দুর রহমান আরমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।