সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ১০


প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩১ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জহিরুল হকের সমর্থকরা অপর চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এ সময় হামলায় যুবলীগ নেতা কামাল হোসেনের সমর্থকদের ১০ জন আহত হন। এতে করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

বৃহস্পতিবার উপজেলার বারদী বাজারে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনে উপজেলার বারদী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার কামাল হোসেনের সমর্থক ইব্রাহিম হোসেন ইবুসহ ৫/৭ জন বারদী বাজারে বদু মিয়ার দোকানের সামনে নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন।

এসময় ইবুর কথা নিয়ে বর্তমান চেয়ারম্যান জহিরুল হক প্রতিবাদ করেন। এ নিয়ে দু`জনের মধ্যে তর্কবিতর্ক হয়। তারই জের ধরে জহিরুল হকের ভাই তাইজুলের নেতৃত্বে ওবায়দুল, ছেলে জনিসহ ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা, ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেনে সমর্থক বদু মিয়ার চাউলের দোকানে হামলা চালায়। হামলাকারীরা একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় বদু মিয়া, মানিক, আব্দুর রহিম, আনোয়ার, সগির, বাসেদসহ ১০জন আহত হন।

আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জহিরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমার সঙ্গে তর্কবিতর্ক করায় উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে আমার লোকজনও আহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মিমাংসা করা হবে।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।