ঝিকরগাছায় আ.লীগের প্রতিবাদ কর্মসূচিতে হামলা
যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এতে চার নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসা মাহমুদের ভাই ইলিয়াসের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলেও অভিযোগ নেতৃবৃন্দের।
দলীয় নেতাকর্মীরা জানান, যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি গ্রহণ করে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ। ঝিকরগাছা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের নেতৃত্বে বাসস্ট্যান্ডে সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ঝিকরগাছা ব্রিজের কাছে পৌঁছালে ইলিয়াস, আশরাফ, মানিক, শুভ, রিঙ্কুসহ একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদের হামলায় আহত হন, উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ইমামুল হাসান জগলু, আওয়ামী লীগ কর্মী আব্দুল লতিফ, যুবলীগ কর্মী আলম ও ছাত্রলীগ কর্মী আল-আমিন। এদের মধ্যে জগলুকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে মুসা মাহমুদের ভাই ইলিয়াসের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ৪/৫ জন আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে বোমাবাজি ও গুলিবর্ষণের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
হামলাকালে উপস্থিত পুলিশের নিস্ক্রিয় ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কার দিকে বন্দুক তুলবো, দুই পক্ষই তো আওয়ামী লীগ। এসময় বাঁশি বাজানো ছাড়া আর কি করার থাকে। তবে পুলিশ কিছু করেনি, এটা ঠিক নয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মিলন রহমান/এআরএ/পিআর