পুরোহিতকে অস্ত্রের মুখে জিম্মি করে মন্দিরে ডাকাতি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মন্দিরের পুরোহিতকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে কৃষ্ণ মন্দিরের পিতলের বিগ্রহসহ শরীর থেকে স্বর্ণালঙ্কার ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এতে করে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
শনিবার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দী কৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে মন্দিরে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শান্তি ভূষণ সাহা জাগো নিউজকে জানান, শনিবার রাত আড়াইটার দিকে ১০/১২ জন মুখোশধারী ডাকাত কৃষ্ণ মন্দিরের পূজারীর থাকার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পুরোহিত তনয় গোস্বামীকে (৩৫) অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে পিটিয়ে মাটিতে ফেলে মন্দিরের চাবি নিয়ে মন্দিরের ভিতর থেকে বড় আকৃতির তিনটি পিতলের গোপাল বিগ্রহ, কাঠের কৃষ্ণ মূর্তির শরীর থাকা স্বর্ণেও বেসলেট, আংটি, রাধা মূর্তিসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এসময় পুরোহিতের চিৎকারে আশেপাশের লোকজন তার হাত-পায়ের ও চোখের বাঁধন খুলে দেয়। এরপর তার কাছ থেকে বিস্তারিত জানতে পারি।
পূজারী তনয় গোস্বামী জানান, দরজা ভাঙার শব্দ শুনে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ডাকাতরা তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চিৎকার করতে নিষেধ করে। কোনো শব্দ করলে হত্যার করার হুমকি দেয়া হয়। পরে তারা হাত-পা ও চোখ বেঁধে ফেলে এলোপাতাড়িভাবে মারধর করে। ডাকাতদের মুখে কাপড় বাঁধা থাকায় কাউকে চেনা যায়নি।
খবর পেয়ে শনিবার সকালে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জাগো নিউজকে জানান, এমন একটি ঘটনা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি