নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে আলীরাজ নামের একটি ওয়ার্কশপে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু ও আরো কয়েকজন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার কাঁচপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই শ্রমিকরা কাঁচপুর এলাকাতে ‘আলীরাজ’ নামের একটি ওয়ার্কশপে বরফ তৈরি করতো। রাত সাড়ে ৯টায় ওই ওয়ার্কশপের বয়লার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন আগুনে দগ্ধ হয়ে পড়ে। এসময় তিনজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে।
ঘটনাস্থলে নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, হাবিবুর রহমান (৪৫) ও আল আমিন (২৭)। নিহত অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত অপরজন ও আহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
বিস্ফোরণের কারখানাটিতে আগুন ধরে যায়। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শাহাদাৎ হোসেন/এসএইচএস