জামিন পেলেন শাহীন চাকলাদার


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৩ এপ্রিল ২০১৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশের দায়ের করা মামলা থেকে জামিন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।

রোববার দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাজাহান আলী তার জামিন মঞ্জুর করেন।

নির্বাচন কমিশনের নির্দেশে ৩১ মার্চ রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানার এই মামলা করেছিলেন এসআই মোকাদ্দেস আলী।

মামলায় শাহীন চাকলাদারসহ মোট তিনজনকে আসামি করা হয়। অন্য দুইজন হলেন, আরবপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম এবং দেয়াড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর রহমান আনিচ।

শাহীন চাকলাদারের আইনজীবী মাহবুব সরদার লাল্টু ও সোহেল শামীম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, বিচারক পাঁচ হাজার টাকা বেল্ডবন্ডে জামিন মঞ্জুর করেছেন।

এদিকে জামিন পেয়ে প্রেসক্লাব যশোরে এক ব্রিফিংয়ে শাহীন চাকলাদার বলেন, এই মামলা ষড়যন্ত্র। বিএনপির কোনো প্রার্থীকে হুমকি-ধামকি দেয়া হয়নি। তারা পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করে এ মামলা দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে শাহারুল ইসলাম ও দেয়াড়ায় আনিচুর রহমান বিনা প্রতিদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

নরেন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোদ্দাসের আলী একইভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেও মামলায় তার নাম আসেনি। এই তিনজনের মধ্যে শাহারুল ও আনিচ যশোর আওয়ামী লীগের চাকলাদার বলয় এবং অন্যজন সংসদ সদস্য বলয়ের লোক হিসাবে পরিচিত।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।