নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে কুপ্রস্তাব : প্রধান শিক্ষক বরখাস্ত


প্রকাশিত: ১০:৩১ এএম, ০৩ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাছানকে ১৫ দিনের জন্য বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি।

একই স্কুলের ১০ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে গত ২৯ মার্চ তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ওই শিক্ষকের কুপ্রস্তাবের অডিও রেকর্ডিং এখন মদনপুরসহ আশপাশে এলাকার লোকজনের মুঠোফোনে পাওয়া যাচ্ছে। এমন একটি অডিও এ প্রতিবেদকের হাতেও এসে পৌঁছেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানিয়েছেন, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছান র্দীঘদিন ধরে তার নিজ বাড়িতে উক্ত স্কুলের ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় উক্ত স্কুলের দশম শ্রেণির ছাত্রীরা প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে আসলে ওই সময় প্রধান শিক্ষক স্কুলের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবের বিষয়টি অডিও রেকর্ডিং এর মাধ্যমে এলাকায় জানাজানি হলে এ নিয়ে সচেতন মহল প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছানের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছে। এ নিয়ে গত কয়েক দিন ধরে মদনপুর এলাকাসহ এর আশে পাশের এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনা। শিক্ষার্থীরা কয়েক দিন ধরে প্রধান শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ মিছিলও করে। পরে এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটি এক সভায় গত ২৯ মার্চ অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হাছানকে ১৫ দিনের জন্য বরখাস্ত করে।

সভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য খোকা ভূইয়া, মনিরুল ইসলাম মনু, এমরান খন্দকার, হাজী মো. কামাল হোসেন, মুহিদ ভূইয়া, নারী অভিভাবক সদস্য রাহিমা বেগম ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ মো. নাজমুল হাছানের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই ভূইয়া জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাকে সবধরনের দায়িত্ব পালন থেকে আমরা বিরত রেখেছি। আগামী কয়েকদিনের মধ্যে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শাহাদাত/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।