৭ খুনের দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১১ এপ্রিল


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৪ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১১ এপ্রিল ধার্য্য করেছেন আদালত। সোমবার সাত খুনের দুটি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ শেষে নতুন এ তারিখ ধার্য্য করা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দুটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি ও বিজয় কুমার পালের সাক্ষ্যগ্রহণ করা হয়।

এদিন আসামি নূর হোসেন ও তারেক সাঈদের পক্ষের আইনজীবীরা ওই দুইজন বাদীর সাক্ষ্য ও জেরা করেন। এ সময় নূর হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা ও তারেক সাঈদের পক্ষে সাবেক পিপি সুলতানউজ্জামান জেরা করেন।

জানা গেছে, সাত খুনের ঘটনায় সাক্ষ্যগ্রহণের কার্য্যক্রম অব্যাহত থাকলেও তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষে সাক্ষ্য জেরা করা হয়নি।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন দুইজন বাদীর সাক্ষ্যগ্রহণ ও আগামী ১১ এপ্রিল অন্যদের সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহাদাত হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।