গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির (পুরুষ) মৃত্যু হয়েছে। তাদের কারো পরিচয় জানা যায়নি। লাশ দুইটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
তাদের একজনের দেহ এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে যে তার বয়স ও পরনে কি ছিল তা নির্ধারণ করা সম্ভব হয়নি। অপরজনের বয়স আনুমানিক ৫২বছর। তার পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, সোমবার মধ্যরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরনে সাদা পাঞ্জাবি ও চাদর ছিল। প্রায় একই সময় স্থানীয় বোর্ড বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দেহ এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়েছে যে তার বয়স ও পরনে কি ছিল তা বোঝা যাচ্ছে না। দেখে মনে হয়, কোন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তার উপর দিয়ে একাধিকবার গাড়ি যাতায়াত করেছে। খবর পেয়ে রাত দেড়টার দিকে অজ্ঞাত মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর