যশোরে নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৫ এপ্রিল ২০১৬

যশোরে বিলকিস খাতুন নামে বেসরকারি সংস্থা ব্র্যাক এর এক নারী কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের মুড়ালি এলাকার তারা মসজিদের পাশে আব্দুর রউফের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিলকিসের স্বজনদের অভিযোগ, তার স্বামীর পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আনিসুর রহমান পলাতক রয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, বিলকিসের বাবার বাড়ি সাতক্ষীরার রাজাবাগান এলাকায় এবং আনিসুরের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তারা একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন। বিলকিস ও আনিসুর দু’জনেই ব্র্যাকে চাকরি করেন। চাকরির সুবাদে তারা যশোর শহরের মুড়ালি এলাকার তারা মসজিদের পাশে আব্দুর রউফের বাসায় ভাড়া থাকতেন। এখানে থাকার সময় বিলকিসের স্বামী হাফিজুর রহমান যশোর সদরের কচুয়া এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই গোলযোগ হতো। এরই জের ধরে বিলকিস থানা পুলিশও করেছিলেন।

বিলকিসের বাবা আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে হাসপাতালে সাংবাদিকদের জানান, হাফিজুরের পরকীয়ার প্রতিবাদ করায় তার মেয়েকে প্রায়ই মারধর করা হতো। সোমবার রাতে তারা সন্তান সাইফুল ইসলামকে নিয়ে ঘুমাতে যান। কিন্তু আনিসুর মধ্যরাতে বিলকিসকে মারপিট করে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

বিলকিস ও আনিসুরের একমাত্র ছেলে সাইফুল জানান, রাত দুটোর পর ঘুম ভেঙে দেখি মা ও বাবা পাশে নেই। উঠে দেখি বাবা বাইরে দাঁড়িয়ে আছনে। মার কথা জিজ্ঞাসা করলে বাবা বলেন, ‘তোমার মা অসুস্থ’। পরে জানতে পারি মা মারা গেছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী  জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে  মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আনিসুর রহমান পলাতক রয়েছেন। এ কারণে সন্দেহ হচ্ছে। ফলে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মিলন রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।