বিদ্যুতের দাবিতে সিলেট-তামাবিল সড়কে অবরোধ


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

টানা দুইদিন ধরে বিদ্যুৎবিহীন থাকার পর স্থানীয় জনতা বিক্ষুব্দ হয়ে বুধবার সন্ধ্যা ৬টা থেকে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। সোমবার রাতে ঝড় শুরু হওয়ায় পর বিদ্যুৎ গিয়েছিল এরপর আর আসেনি বলে জানান অবরোধকারীরা।

বুধবার সন্ধ্যা পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট তামাবিল সড়কের অনন্ত তিনটি স্থানে অবরোধ চলছে। এতে ব্যস্ততম এই মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট লেগে ছিলো।

সন্ধ্যা ৬টায় খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে, দাসপাড়ার সামনে ও খাদিমপাড়া ইউপির সামনে বিক্ষুব্দ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে তারা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন তারা। এলাকার নারীরাও রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন।

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া এলাকাবাসীর অভিযোগ, সোমবার মধ্যরাতে ঝড় শুরু হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। এরপর দুইদিনেও বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেয়নি।

এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে।

মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহজালাল মুন্সী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে।

তবে বিক্ষোভকারীদের একজন খাদিমপাড়া এলাকার বাসিন্দা রায়হান রহমান বলেন, বিদ্যু না দেয়া পর্যন্ত আমরা সড়ক থেকে সরবো না।

ছামির মাহমুদ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।