না.গঞ্জ বিএনপির ৭ নেতাকে সাময়িক অব্যাহতি


প্রকাশিত: ১১:০৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী-দলীয় প্রার্থী না হওয়া নিয়ে ছলচাতুরির আশ্রয় নেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ বিএনপির ৭ নেতাকে তাদের স্ব স্ব পদ ও দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির এক সভায় ওই সাতজনকে স্ব স্ব পদ ও একই সঙ্গে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। সদর উপজেলার ৬টি ও রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরি করেন তারা।

যে ৭ জনকে অব্যাহতি দেয়া হয় তারা হলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, আলীরটেক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর অালী সুমন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুরের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টু, একই ইউনিয়নের থানা বিএনপির সহ-সভাপতি এমএ আকবর ও গোগনগর ইউনিয়নের সেক্রেটারি নজরুল ইসলাম এবং কায়েতপাড়ার গুলজার হোসেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে ছলচাতুরির অভিযোগে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির প্রতিবেদন দলের মহাসচিবের কাছে পাঠানো হবে।

এর আগে নির্বাচনে কেন বিএনপির প্রার্থী নেই সে জন্য কারণ দর্শাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহআলম ও সেক্রেটারি আবুল কালাম আজাদ বিশ্বাসকে চিঠি দেন তৈমুর। একই চিঠি দেয়া হয় সদরের সভাপতি আবদুর রহমানকেও। সদরের ৬টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ইতোমধ্যে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর অপর তিনটির মধ্যে একটিতে মাত্র বিএনপির প্রার্থী রয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি পরিষদের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী নেই। কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বক্তাবলী ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর। তিনি মনোনয়ন পত্রই জমা দেননি।

এদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আলী আকবর। তিনিও মনোনয়নপত্র জমা দেননি। এখানে বর্তমান চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে মনোনিত আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনও মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র জমা দেন গোগনগর ইউনিয়ন পরিষদের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম সর্দার যিনি গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তবে সদরের একমাত্র এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাহামুদুল হক আলমগীর মাঠে রয়েছেন যিনি এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।