যশোর এমএম কলেজে ভোল্ট ভেঙে টাকা চুরি


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১১ এপ্রিল ২০১৬

যশোর সরকারি এমএম কলেজের ভোল্ট (টাকার বাক্স) ভেঙে দুই লক্ষাধিক টাকা চুরি হয়েছে। রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা হিসাবরক্ষকের কক্ষের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে এ টাকা চুরি করেছে। পরে সোমবার সকাল ৯টার দিকে অফিস খোলার পর বিষয়টি জানাজানি হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষকদের জন্য সম্মানী ভাতার টাকা হিসাবরক্ষকের কক্ষে রাখা ছিল। রোববার রাতে দুর্বৃত্তরা জানালা ভেঙে দুই লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে। সোমবার সকালে হিসাবরক্ষক আবদুর রহমান এসে দেখতে পান চারটি জানালা ভাঙা এবং ঘরের ভিতরে টাকার বাক্স ভাঙা রয়েছে। বাক্সের মধ্যে থাকা দুই লক্ষাধিক টাকা চুরি হয়েছে। পরে পুলিশকে চুরির বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।