যশোরে মানবাধিকার সংগঠকের ছেলে আটক


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১১ এপ্রিল ২০১৬

পুলিশের ‘দখল’র বিরুদ্ধে অবস্থান নেওয়া যশোরে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককের ছেলে সবুজ মল্লিককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতের দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।
 
পুলিশ বলছে, তার নামে ট্রাফিক পুলিশ অফিসের দেওয়ালে বোমা হামলা মামলা রয়েছে। আর বিনয় কৃষ্ণ মল্লিকের দাবি, মানবাধিকার কর্মী হিসেবে পুলিশের অন্যায়ের প্রতিবাদ করায় তার ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ আটক করেছে। ছেলেকে আটকের পাঁচ দিন আগে তাকে আদম পাচারকারী ও প্রতারক উল্লেখ করে কোতয়ালি থানা ও এসপি অফিসের নোটিশ বোর্ডে ছবি টাঙিয়ে দেয় পুলিশ।
 
উল্লেখ্য, সম্প্রতি যশোর শহরের গাড়িখানা রোড এলাকার বিরোধপূর্ণ জমি দখল করে সেখান থেকে ৪০টি পরিবার ও ৮/১০ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে পুলিশ। এরপর ওই জমিতে পুলিশ ক্লাবের সাইনবোর্ড লাগিয়ে দখল করা হয়। এ নিয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষে সংবাদ সম্মেলন ও বিচার চেয়ে নানা পদক্ষেপ নেয় মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক। মানবাধিকার কমিশন থেকে এ নিয়ে তদন্ত করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সুপার তার বিরুদ্ধে চক্রান্ত করতে থাকেন। গত মঙ্গলবার তাকে ‘অপরাধী’ উল্লেখ করে এসপি অফিস ও কোতয়ালি থানার নোটিশ বোর্ডে তার ছবি লাগানো হয়েছে। ছবির নিচে আদম পাচারকারী, চিহ্নিত প্রতারক, অর্থ আত্মসাতকারী, বিএনপি সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও প্রশাসন বিদ্বেষী উল্লেখ করা হয়েছিলো।

এঘটনায় যশোরসহ বিভিন্ন জেলার মানবাধিকারকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এরই মধ্যে মানবাধিকার সংগঠকের ছেলেকে আটক করলো পুলিশ।

তবে যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গত ১০ ফেব্রুয়ারি রাতে শহরের গাড়িখানা রোডের ট্রাফিক পুলিশ অফিসের দেওয়ালে ওপর বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সবুজ মল্লিকসহ সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। পুলিশ এজাহারভুক্ত আসামিকে আটক করেছে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।