জমি দখলের অভিযোগে ২ কাউন্সিলরসহ আটক ১০


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১২ এপ্রিল ২০১৬

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের ভবন নির্মাণের জন্য ক্রয়কৃত জমি দখলের অভিযোগে পৌরসভার দুই কাউন্সিলরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০টি হাত বোমা, দুইটি রামদা ও একটি কোদাল উদ্ধার করা হয়।

বিস্ফোরক মামলা দিয়ে (মামলা নম্বর-২৫) তাদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার রাতে প্রথমে আটজনকে আটক করা হয়। পরে তাদের পক্ষে থানায় সুপারিশ করতে গেলে বেনাপোল পৌরসভার দুই কাউন্সিলরকেও আটক করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পৌরসভার ৩নং বেনাপোল ওয়ার্ডের কাউন্সিলর অহিদুল ইসলাম খোকন,  ৪নং কাগজপুকুর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলাম, স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী জসিম, গাজীপুর গ্রামের কাওছার মুহুরী, ছোট আঁচড়া গ্রামের মান্নান, আবিদ, আসলাম, আব্দুল গণি, আব্দুল্লাহ ও সামসুজ্জামান।

জানা যায়, বেনাপোল পোর্ট থানার স্থায়ী একটি ভবন নির্মাণের জন্য বাইপাস সড়কের পাশে ছোট আচঁড়ার শান্তি পদ গাঙ্গলীর কাছ থেকে হিন্দুদের দেবোত্ত সম্পত্তি কেনা হয়। কিন্তু এই সম্পত্তির মালিকানা নিয়ে আগে থেকে শান্তি গাঙ্গলীর সঙ্গে জাফরসহ আরো কয়েকজনের দ্বন্দ্ব চলে আসছিল। রোববার দুপুরে কিছু লোক ওই জমির মালিক দাবি করে সেখানে ঘর তোলার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ রাতে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে। রাতে দুই পৌর কাউন্সিলর থানায় সুপারিশ করতে আসলে পুলিশ তাদেরও আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, পুলিশের সম্পত্তি দখলের চেষ্টা, সহযোগিতা এবং দেশীয় অস্ত্রসহ ১০টি হাতবোমা পাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটকদের বিস্ফোরক আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।