যশোরে ইউপি চেয়ারম্যানের সংবধর্না অনুষ্ঠানে সংঘর্ষ : নিহত ১
যশোরের মণিরামপুরে মশ্মিমনগর ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজু আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রাজু মণিরামপুর উপজেলার তালসারি গ্রামের মোস্তফার ছেলে।
মণিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ক্যাম্প ইনচার্জ (আইসি) আইনুদ্দিন জানান, শুক্রবার রাতে নোয়ালী বড় মসজিদ এলাকায় মশ্মিমনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৯টার দিকে রাজু আহমেদ অনুষ্ঠানে যান। সেখানে চেয়ারে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে পিটিয়ে জখম করে। স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে রাজু আহমেদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় কোনো মামলা না হওয়ায় কাউকে আটক করা হয়নি।
মিলন রহমান/এফএ/এমএস