কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৯ এপ্রিল ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানে পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখি মায়ের দোয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী মারা যান। আহত হন অন্তত ১৫ জন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসাইন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত একজন নিহতের খবর রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন বলেন, ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।