অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৮ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ শহরে ভেজাল বিরোধী অভিযানে সরকারের অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে দু`টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদে শহরের জিয়া হল মার্কেটের ঔষধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।

mobile

সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সরকারের অনুমতিবিহীন ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় শহরের চাষাঢ়াস্থ পৌর মার্কেটের লার্জ ফার্মা নামে এক ওষুধের দোকানের মালিককে ৩০ হাজার ও খানপুর মেট্রো হল সংলগ্ন ভারত হারবালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, যেসকল ঔষধের দোকানমালিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেছে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাহাদাত হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।