রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৯ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া এলাকায় ও দেড়টার দিকে বামনকাঠি এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আব্দুল বারেকের মেয়ে। নিহত আব্দুল্লাহ বামনকাঠি এলাকার রফিক হাওলাদারের ছেলে।

নিহত জামিলার চাচা আব্দুস শুকুর জাগো নিউজকে জানান, পরিবারের অগোচরে জামিলা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত আব্দুল্লাহর পরিবার জানায়, ঘরের পাশে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করেতে গেলে পানিতে ডুবে যায়। পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জাগো নিউজকে জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আতিকুর রহমান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।