কাতারে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রাডার ধ্বংসের দাবি ইরানের
কাতারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের একটি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা কাতারের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন এএন/এফপিএস-১৩২ ব্লক ৫ আর্লি ওয়ার্নিং রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তেহরানের দাবি, তাদের এই নিখুঁত হামলায় বিলিয়ন ডলার মূল্যের রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো এই ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
কেন এই রাডারটি গুরুত্বপূর্ণ?
ধ্বংস হওয়া বলে দাবি করা এই রাডারের আনুমানিক মূল্য প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার (১৩ হাজার কোটি টাকার বেশি)। এটি মূলত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’ হিসেবে কাজ করে। তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আসা যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতা রয়েছে এই রাডারটির। কাতার থেকে এটি পুরো পারস্য উপসাগর এবং ইরানজুড়ে নজরদারি চালিয়ে আসছিল।
#BREAKING
— Tehran Times (@TehranTimes79) February 28, 2026
IRGC Public Relations: The American radar FP132, with a range of 5,000 kilometers, stationed in Qatar with unique equipment designed for tracking ballistic missiles, was completely destroyed. pic.twitter.com/YfIjz2ypQG
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে এটি হবে গত কয়েক দশকের মধ্যে মার্কিন সামরিক সক্ষমতার ওপর অন্যতম বড় আঘাত। এই রাডারটি ধ্বংস হওয়ার অর্থ হলো, ওই অঞ্চলে মার্কিন এবং তাদের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা অচল হয়ে পড়া।
সূত্র: তেহরান টাইমস
কেএএ/