প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নৌকা পুড়িয়ে দেয়ার অভিযোগ


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২০ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর প্রতীক নৌকা আগুনে পুড়িয়ে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আর আওয়ামী লীগের প্রার্থীর অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টুর লোকজন নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার গভীর রাত হতে বুধবার ভোর পর্যন্ত কোনো এক সময় ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাতে কিংবা বুধবার ভোরের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে দেলপাড়া বাজারে সাটানো বিশাল একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সন্দেহ করা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রসুল শিকদারের প্রতিদ্বন্দ্বী মনিরুল আলম সেন্টুর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুল শিকদার জাগো নিউজকে জানান, আমার প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মনিরুল আলম সেন্টুর লোকজন আমার প্রতীক পুড়িয়ে আমার ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে।

তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম সেন্টুর লোকজন নৌকার পোস্টার ছিঁড়ে ফেলছে।
 
স্বতন্ত্র প্রার্ছে মনিরুল আলম সেন্টু জাগো নিউজকে জানান, আমার বিজয় নিশ্চিত মনে করে আওয়ামী লীগের প্রার্থীসহ তার লোকজন নির্বাচন বানচাল করতে একটা নাটক সাজিয়েছে। আমার লোকজনের নৌকা পুড়িয়ে দেয়ার দুঃসাহস হয়নি। আওয়ামী লীগের প্রার্থীসহ তার লোকজন নৌকা পুড়িয়ে আমার লোকদের নাম বলছে। আমার জয় নিশ্চিত। আমার আস্থা রয়েছে। আর আমার লোকজন কেন নৌকা পুড়াবে? এটা আমার বিরুদ্ধে কৌশলী ষড়যন্ত্র।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জাগো নিউজকে জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

শাহাদাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।