সোনারগাঁয়ে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ২
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত ও আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় মদনপুর-জয়দেব (এশিয়ান হাইওয়ে হিসেবে পরিচিত) সড়কের উপজেলার নয়াপুর এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে হিন্দু পরিবারের বরযাত্রীবাহী গজারিয়া পরিবহনের একটি বাস (গাজীপুর মেট্রো ০৪০০৭০) মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল। বাসটিতে ২৫-৩০জন বরযাত্রী ছিল। বাসটি সোনারগাঁয়ের নয়াপুরে আসলে মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটে। তাদের মধ্যে একজন হেলপার ও অপরজন বরযাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল হক জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটেছে। উদ্ধার কার্যক্রম চলছে।
একে