দুর্ঘটনায় যশোর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক নিহত


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৩ এপ্রিল ২০১৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (শিক্ষা) হাসান আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিমানবন্দরে মারা যান।

হাসপাতাল সূত্র মতে, হাসান আল মামুন সকাল ৮টার দিকে শহরের বিসিএমসি কলেজে ক্লাস নিতে যাচ্ছিলেন। এ সময় কলেজ এলাকায় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। রাস্তায় পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরই মধ্যে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তখন চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে তাকে ঢাকায় রেফার করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

সূত্র মতে, হাসান আল মামুনকে বিমান বা হেলিকপ্টারযোগে ঢাকা নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে যশোর বিমানবন্দরে নেয়া হয়। কিন্তু বিমানে তোলার আগেই তিনি মারা যান। যশোর করোনারি কেয়ার ইউনিটের হৃদরোগ চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইলিয়াস আলী জানান, সড়ক দুর্ঘটনায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক হাসান আল মামুন নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।