রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, চারিতালুক এলাকার নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম, মোজাম্মেল হকের ছেলে আনোয়ার হোসেন, মিজানুর রহমানের ছেলে খবির হোসেন, আসাদুজ্জামানের ছেলে শরীফ ও ছোলায়মান মিয়ার ছেলে শহিদুল্লাহ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ভোলাব ইউপি নির্বাচনে চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন খাঁনের সমর্থকদের সঙ্গে বিএনপি মনোনিত প্রার্থী আলমগীর হোসেন টিটুর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ সদস্য আনিছুর রহমান মিয়া ও আরিফ হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুনরায় ভোটগ্রহণ শুরু করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাকারিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে বই প্রতীকের আম্বিয়া হকের সমর্থকদের সঙ্গে মাইক প্রতীকের রেখা বেগমের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেলিম মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হন। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল হালিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমাণ র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। নির্বাচনে কেউ কোনো ধরনের ঝামেলার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি