বেনাপোলে শিশুসহ ৩৪ নারী-পুরুষ আটক
যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে অবৈধ পথে দেশে ফেরার সময় শিশুসহ ৩৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে এক শিশু, ৯ নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।
শনিবার সকালে উপজেলার উত্তর দৌলতপুর সীমান্তের মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো দালালকে আটক করতে পারেনি বিজিবি। আটকরা যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল গাতিপাড়ার কামারবাড়ি বিজিবি পোস্ট এলাকার ইছামতি নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে শিশুসহ ৩৪ বাংলাদেশিকে আটক করে দুপুরে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে দুপুর ২টার দিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জামাল হোসেন/এআরএ/এবিএস