বিদেশি মাদকে ধ্বংস হচ্ছে এদেশের যুবসমাজ : তানভীর আলম


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

বিজিবি কক্সবাজার সেক্টর কামান্ডার কর্নেল মো. তানভীর আলম খান বলেছেন, দেশের অভ্যন্তরে মাদক তৈরি না হলেও ভৌগলিক কারণেই বিদেশি মাদকে ধ্বংস হচ্ছে এদেশের যুবসমাজ। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে বাঁচাতে হবে।
 
রোববার বিকেলে টেকনাফ ২ ব্যাটালিয়ন চত্বরে মাদকদ্রব্য বিনষ্টকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সেক্টর কামান্ডার এসব কথা বলেন।

তিনি আরে বলেন, সীমান্তে অক্লান্ত পরিশ্রম করে পাচারকারীদের ধাওয়া করে যারা মাদক আটক করেছে তারা দেশ ও জাতীকে রক্ষা করছেন। মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে।
   
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, টেকনাফ প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই কাঞ্চন কান্তি দাস।

পরে টেকনাফ সীমান্তে গত ১ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবি জওয়ান কর্তৃক জব্দ করা মালিকবিহীন ৪২ কোটি ৫৫ লাখ টাকার বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
 
ধ্বংস করা মাদকের মধ্যে ১৩ লাখ ৮১ হাজার ১৮৭ পিস ইয়াবা, ৩ হাজার বোতল বিভিন্ন প্রকারের মদ, ১৯১ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৪০৩ ক্যান আন্দামান গোল্ডসহ বিভিন্ন প্রকারের বিয়ার, ১১ দশমিক ২ কোজি গাঁজা, ৯৫১৩ প্যাকেট বিভিন্ন প্রকারের সিগারেট ও ১৬৫ লিটার চোলাই মদ ছিল।
 
ধ্বংস করা এসব মাদকের বাজার মূল্য ৪২ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৩৬ টাকা বলে জানিয়েছেন টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ।

সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।