না.গঞ্জে ৭ খুন : পরবর্তী শুনানি ২ মে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২ মে ধার্য করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নূর হোসেনসহ ২৩ আসামির উপস্থিতিতে ৯ জনের সাক্ষ্য ও জেরা গ্রহণ শেষে পরবর্তী এ তারিখ ধার্য করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের ঘটনায় নিহত নজরুলের ভাই আবদুস সালাম, নিহত ইব্রাহিমের ভাই ইসুব, নিহত চন্দন সরকারের ভাতিজা অরুণ নাথ পান্না, নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর, এসআই আবু তালেব, ইব্রাহিম, নিহত লিটনের ভাই রফিকুল ইসলাম, ফকির চাঁন, ইবনে হাসানের ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
সাত খুনের ঘটনায় দুইটি মামলার মধ্যে একটির বাদী বিজয় কুমার পাল অপরটি নিহত অ্যাড. চন্দন সরকারের মেয়ে জামাতা ও অপর বাদী সেলিনা ইসলাম বিউটি। দুইটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এ কারণে উভয় মামলার সাক্ষীদের একই সঙ্গে দুই মামলায় জেরা করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এ ঘটনার তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং ১ মে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
সাহাদৎ হোসেন/এআরএ/এবিএস