আনোয়ারায় ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫৯ এএম, ৩০ জুন ২০২৪
পিকআপে করে পাচারের সময় ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় পিকআপে করে পাচারের সময় ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে আনোয়ারা থানার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

এ সময় বিদেশি মদ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও আটক করে পুলিশ।

আমির হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার কামাল উদ্দিনের ছেলে। উদ্ধার এসব বিদেশি মদের মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে গোবাদিয়া এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় আমির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বিদেশি জাহাজ থেকে সাগরের কোনো পয়েন্টে এসব বিদেশি মদ নামিয়ে পাচার করা হচ্ছিল। গ্রেফতার আমির হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।