সিদ্ধিরগঞ্জে বাল্য বিয়ে থেকে মুক্তি পেল স্কুলছাত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে ফারজানা ইয়াসমিন রাহী নামে এক স্কুলছাত্রী। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করে দেন।
এসময় কনের বাবা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের এসিল্যান্ড (ভূমি) শিলু রায়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা নাসির উদ্দিন শিকদারের ছেলে দুবাই প্রবাসী বর কাউসার শিকদার ও তার স্বজনরা বিয়ের অনুষ্ঠানেই আসেননি। বর কাউসার শিকদারের গ্রামের বাড়ি কুমিল্লায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় জানান, বিয়ের কনে ফারজানা ইয়াসমিন রাহীর বয়স প্রমাণের বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি তার পরিবারের লোকজন। কনের বর্তমানে বয়স মাত্র ১৪। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আইডয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এসময় মেয়েটিকে যাতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেয়া না হয় সেজন্য তার পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে এবং কনের বাবা ইউছুফ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস