টেকনাফে এপ্রিলে ৩৪ কোটি টাকার মাদক জব্দ


প্রকাশিত: ০৪:২৬ এএম, ০৩ মে ২০১৬
ফাইল ছবি

এপ্রিলে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ৩৪ কোটি ৬ লাখ টাকার ইয়াবা, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের মধ্যে ১০ লাখ ৭৭ হাজার ইয়াবা ও সাড়ে ৬ হাজার পিস মদ-বিয়ার রয়েছে। তাছাড়া অনুপ্রবেশকালে ২০০ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে টেকনাফ সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ লাখ ৭৭ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার মধ্যে মালিকসহ ১ লাখ ৩০ হাজার ৮৬৪ পিস ও মালিকবিহীন ৯ লাখ ৪৬ হাজার ২৬৬ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩২ কোটি ৩১ লাখ ৩৯ হাজার টাকা। এতে ৬৪ মামলায় ৪৬ পাচারকারী আটক ও ৮ জনকে পলাতক আসামি করা হয়েছে।

তাছাড়া বিভিন্ন প্রকারের ৫ হাজার ৬৪৫ ক্যান বিয়ার, ৮৮৬ বোতল মদ ও ১৩৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লাখ ৯৮ হাজার ১৫০ টাকা। এতে ২৯ মামলায় ৪ পাচারকারী আটক এবং ১ জনকে পলাতক আসামি করা হয়েছে। অপরদিকে, ১ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৮৪৬ টাকা মূল্যের অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।। এতে ৭১ মামলায় একজন পাচারকারি আটক করা হয়।

এদিকে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ২০০ মিয়ানমার নাগরিককে আটক করে মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১০৫ পুরুষ, ৫৮ জন নারী ও ৩৭ জন শিশু ছিল।

টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাশেল সিদ্দিকী জানান, সীমান্তে মাদক, মানবপাচার ও চোরাই পণ্য আগের তুলনায় কমে এসেছে। এসব নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সর্তক অবস্থায় রয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।