চুরির অপবাদে গৃহবধূর চুল কেটে দিলো দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৪ মে ২০১৬

কক্সবাজারের মহেশখালীতে চুরির অপবাদ দিয়ে দুই শিশুসন্তানের সামনেই এক গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টায় উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্থানীয় ফিশিং বোটের শ্রমিক মাহাবুব আলমের স্ত্রী ফরিদা ইয়াছমিনকে একই এলাকার আবু মুছার ছেলে করিম ও মোস্তাকের ছেলে নাছির এক বছর ধরে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিল। সর্বশেষ তাদের কুপ্রস্তাবে গৃহবধূ রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা।

এক পর্যায়ে করিমের বোনের থ্রি পিস চুরির অপবাদ দিয়ে করিম, নাছিরসহ কয়েকজন বখাটে ওই গৃহবধূকে ঘর থেকে বের করে এনে উঠানে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করে এবং মাথার চুল কেটে নেয়।

এসময় ফরিদা ইয়াছমিনের দুই শিশুসন্তানের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা ছুরি দিয়ে গৃহবধূর হাতে ও পিঠে আঘাত করে এলাকাবাসীকে উল্টো হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করে।

মহেশখালী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজুল হক জানান, আহত ফরিদা ইয়াছমিনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদা ইয়াছমিনের স্বামী মাহবুব আলম বলেন, স্থানীয় বখাটে করিম ও নাছির তার স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। তাকে চুরির অপবাদ দিয়ে কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে শারীরিক নির্যাতন, ছুরি দিয়ে হাতে-পিঠে আঘাত করে মাথার চুল কেটে নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।