কর্মকর্তাদের মারধরের মামলায় নারী শ্রমিক গ্রেফতার


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১৬ মে ২০১৬

গাজীপুরে কারখানার কর্মকর্তাদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় তানিয়া খাতুন লাকি (২৬) নামে এক নারী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত তানিয়া খাতুন লাকি গাজীপুর মহানগরীর শরিফপুর এলাকার ডিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক। তিনি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য বলে জানা গেছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, ডিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি করে বিক্ষোভ করতে থাকে। দুপুর সাড়ে বারটার দিকে কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (এডমিন) মো. রবিউল আলম, পরিচালক একরামুল হকসহ বিক্ষোভরত শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন।

এক পর্যায়ে শ্রমিক তানিয়া খাতুন লাকি, কুলসুম আক্তার, রীনা আক্তার, লিপি আক্তার, জেসমিন, স্বপন ও রাজু হোসেনসহ শ্রমিকরা তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে এবং কারখানার পরিচালক একরামুল হকের কাছ থেকে একটি দামি মোবাইল ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।

তিনি আরো জানান, এ ঘটনায় কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (এডমিন) মো. রবিউল আলম বাদী হয়ে ১৫ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার রাতে তানিয়া খাতুন লাকীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বোর্ড বাজার, বড়বাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, তানিয়া খাতুন লাকী গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কর্মী।
                    
আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।