ক্রিকেটই কেড়ে নিল সায়েমের জীবন


প্রকাশিত: ০৮:২২ এএম, ১৬ মে ২০১৬

ক্রিকেট খেলতে ভালবাসতো কলেজছাত্র আবু সায়েম মাহমুদ (১৭)। তাই যেখানে খেলা হতো সেখানেই তার উপস্থিতি। কলেজ থেকে এসেই একটু বিশ্রামের পর ক্রিকেট মাঠই ছিল তার ঠিকানা। আর সেই ক্রিকেট খেলাই জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে মেধাবী ছাত্র আবু সায়েমের।

খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে তর্কের এক পর্যায়ে ব্যাট দিয়ে মাথা ও শরীরে প্রহার করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজারের রামুর ফতেখারকুল পূর্ব মেরংলোয়ার ছাবের আহমদের ছোট ছেলে আবু সায়েম মাহমুদ। সে কক্সবাজার সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত ৯ মে আবু সায়েম পাড়ার একটি মাঠে ক্রিকেট খেলছিলেন। খেলার কোনো এক বিষয় নিয়ে অপরদলের খেলোয়াড়দের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে অন্যদের মধ্যস্থতায় তা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু বাড়াবাড়ির রেশ মাঠে ফেলে আসেনি অন্য ছেলেরা। বাড়ি ফেরার পথে মাঠে তর্ক হওয়া স্থানীয় রবিউল হাসান বাবু, আবদুর রহিম, রবিউল হাসান রবিন মিলে ক্রিকেট ব্যাট দিয়ে সায়েমকে বেদড়ক মারধর করে। এতে তার মাথায় ও শরীরে গুরুতর জখম হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় বলে জানান সায়েমের বড় ভাই সেনা সদস্য মাহবুব আলম।  

এঘটনায় নিহতে বাবা ছাবের আহমদ বাদী হয়ে রামু থানায় মামলা করেছেন। পুলিশ মনু নামে এক ছেলেকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

এদিকে সায়েমের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রামু চৌমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ করেছে সরকারি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে রামু পৌঁছানোর কথা রয়েছে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, হামলায় অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।