ঢেউটিনের দাম সহনীয় রাখতে কাঁচামালে শুল্ক কমানোর দাবি
দেশীয় ইস্পাত শিল্পের সুরক্ষা, গুণগত মানসম্পন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ঢেউটিন উৎপাদনের প্রধান কাঁচামালে আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সিআর কয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরসিএমইএ)।
সোমবার (৯ মার্চ) সংগঠনটির সভাপতি খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের কাছে এ বিষয়ে নীতিগত সহায়তা চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশে মৌলিক কাঁচামাল নির্ভর শিল্পের প্রসারের ফলে আমদানিকৃত হট রোল্ড (এইচআর) কয়েল থেকে উন্নতমানের কোল্ড রোল্ড কয়েল ও সিট, জিঙ্ক কোটেড কয়েল ও শিট, অ্যালুমিনিয়াম কোটেড কয়েল ও শিট এবং কালার কোটেড কয়েল উৎপাদন হচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন সক্ষমতার এসব শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বছরে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ স্থানীয় মূল্য সংযোজনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
চিঠিতে সংগঠনটি জানায়, বিশ্বমানের এসব ইস্পাত পণ্য দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বিশেষ করে কালার কোটেড সিটের চাহিদা দেশে ও বিদেশে দ্রুত বাড়ছে এবং এ খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৫ শতাংশে পৌঁছানো, শ্রমিকের সর্বনিম্ন মজুরি বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ঢেউটিন উৎপাদনের খরচ বেড়েছে। ফলে দরিদ্র মানুষের ব্যবহৃত এই পণ্যের দাম সহনীয় রাখা কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়। এ অবস্থায় ঢেউটিন উৎপাদনের প্রধান কাঁচামাল—এইচআর কয়েল, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম অ্যালয় আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক ০ শতাংশ, সুনির্দিষ্ট ভ্যাট ১ হাজার টাকা, এটিএ ০ শতাংশ এবং এআইটি ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট মূসক ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে সংগঠনটি।
সংগঠনের দাবি, ধনী মানুষের ভবন নির্মাণে ব্যবহৃত রড উৎপাদনের কাঁচামাল আমদানিতে প্রতি টনে মোট শুল্ক কর মাত্র প্রায় ২ হাজার ৪০০ টাকা। অথচ দরিদ্র মানুষের বাসস্থানের জন্য ব্যবহৃত ঢেউটিন উৎপাদনের প্রধান কাঁচামাল এইচআর কয়েল আমদানিতে প্রতি টনে প্রায় ১৬ হাজার টাকা শুল্ক কর দিতে হয়, যা বৈষম্যমূলক।
বিসিআরসিএমইএ চিঠিতে জানায়, আগামী বাজেটে এ প্রস্তাব বিবেচনা করা হলে দেশীয় ইস্পাত শিল্পের বিকাশ, গুণগত মানসম্পন্ন পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং ঢেউটিনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা সম্ভব হবে।
এসএম/ইএ