আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৩০ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হচ্ছে না/ফাইল ছবি

আয়কর রিটার্ন দেওয়ার সময় এরই মধ্যে তিন দফা বাড়ানো হয়েছে। তবে সেই সময় আর বাড়ানো হচ্ছে না। মঙ্গলবার (৩১ মার্চ) আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, নতুন করে রিটার্ন জমার সময় বাড়াচ্ছে না এনবিআর। তবে যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে সময় বাড়ানোর আবেদন করেছেন, তাদের সময় বাড়ানো হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

বর্তমানে দেশের প্রায় সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারী ব্যক্তিদের রিটার্ন দিতে হয়।

সম্প্রতি এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন করেছেন।

আরও পড়ুন
ই-রিটার্ন দাখিলে ফের সময় বাড়াতে ৫ হাজারের বেশি আবেদন

মো. আল আমিন বলেন, গত কয়েকদিনে পাঁচ হাজারের অধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ করদাতাকে স্বল্পসময়ের মধ্যে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে। 

অনলাইনে রিটার্ন জমা দেবেন যেভাবে 

সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এজন্য প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর লাগবে। যারা দেশের বাইরে থাকেন, তাদের ই-মেইলের মাধ্যমে নিবন্ধনের ওটিপি দেওয়া হয়। নিবন্ধন শেষে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। এরপর করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যায়, তাও গণনায় আনতে হবে। এছাড়া কোনো খাতে করছাড় থাকলেও তা বিবেচনায় আনবেন।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

সময় বাড়ানোর আবেদন যেভাবে 

৩১ মার্চের মধ্যে করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে জমা দেওয়া করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।

এসএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।