শেয়ারবাজারে বড় উত্থান, সাতশ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬
আজ বুধবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে/ প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম তিন কার্যদিবস টানা দরপতনের পর চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি সবকয়টি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে সাতশ কোটি টাকা ছাড়িয়েছে।  

বুধবার (১ এপ্রিল) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩২৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩৯টির। এছাড়া ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।  

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০টির এবং ৫টির দাম অপরিবর্তিত রয়েছে।  

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বেড়েছে এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে। কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে 
যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি 

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে উঠে এসেছে।  

সবকয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে সাতশ কোটি টাকা ছাড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৮৫ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৩ লাখ টাকা।  

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সামিট ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩০ লাখ টাকার। ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।  

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানী পাল্প, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং সানলাইফ ইন্স্যুরেন্স।  

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২ কোটি ৫১ লাখ টাকা।  

এমএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।