আর্থিক জ্ঞানবিষয়ক স্বল্পদৈর্ঘ্য ভিডিও’র পুরস্কার দিলো বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সচেতনতা ছড়িয়ে দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজন করে ব্যতিক্রমধর্মী ‘আর্থিক জ্ঞান বিষয়ক স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রতিযোগিতা’। প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা ও অর্থপুরস্কার দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।

তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণে মুখর এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচেতনতামূলক ভিডিও তৈরি করেন।

অনুষ্ঠানে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’, ‘পুঁজিবাজারে ঝুঁকি’ এবং ‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’—এই তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মোট ৯টি পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া ১০টি উৎসাহ পুরস্কারও দেওয়া হয়। বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনাররা।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তদের ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

বিজয়ী দলগুলো হলো—‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ বিভাগে: প্রথম—নিউ বাংলাদেশ (হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ), দ্বিতীয়—লুজার (রাজশাহী বিশ্ববিদ্যালয়), তৃতীয়—জিএম স্টুডিওস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)।

‘পুঁজিবাজারে ঝুঁকি’ বিভাগে: প্রথম—স্বপ্ন (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), দ্বিতীয়—সিনে আর্ট (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), তৃতীয়—ডিইউ ফাইন্যান্স (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’ বিভাগে: প্রথম—দ্য ব্লাইন্ড মেন (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দ্বিতীয়—আকাতসুকি (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), তৃতীয়—ইনফরমেশন স্করপিয়ন (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস)।

এছাড়া উৎসাহ পুরস্কারপ্রাপ্ত দলগুলো হলো—প্রগতি, স্টক সেনসেই, এআর স্টুডিও, টিম আদরবদর, ফিনফ্লিকস, টিম অর্থসূত্র, টিম ক্রাইসিস, টিম এলোমেলো, টিম ফিনলিট ও টিম মুগ্ধ।

অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনাররা, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য, কমিশনের নির্বাহী পরিচালক ও পরিচালকসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন—বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ফারজানা লালারুখ। এছাড়া বক্তব্য দেন বিচারকমণ্ডলীর সদস্য দৈনিক আমার দেশের উপসম্পাদক সুলতান মাহমুদ বিন জুলফিকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ দপ্তরের পরিচালক খায়রুল বাশার। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের ভিডিওসমূহও প্রদর্শন করা হয়।

স্বাগত বক্তব্যে কমিশনার ফারজানা লালারুখ বলেন, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, এই প্রতিযোগিতা দেশের ইতিহাসে প্রথম এবং এটি একটি মাইলফলক উদ্যোগ। প্রতিযোগিতাটি দেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

তিনি জানান, সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মোট ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল তিনটি বিভাগে মোট ৯০টি ভিডিও জমা দেয়। স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা শুধু সৃজনশীলতাই প্রদর্শন করেনি, বরং বিনিয়োগ শিক্ষা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। 

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, তরুণ প্রজন্মকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেওয়া গেলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে এবং একটি সুস্থ পুঁজিবাজার বিনির্মাণে নেতৃত্ব দেবে।

তিনি বলেন, প্রতিযোগিতায় তৈরি ভিডিওগুলো ভবিষ্যতে বৃহত্তর পরিসরে ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে। এ প্রতিযোগিতা শুধুমাত্র একটি আয়োজন নয় বরং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ।

তিনি জানান, প্রতিযোগিতার ভিডিওগুলো সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে এবং জেলা-উপজেলা পর্যায়ে মাঠ প্রশাসনকে এ কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

বিচারকমণ্ডলীর সদস্য সুলতান মাহমুদ বিন জুলফিকার বলেন, এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেলে এসব ভিডিও প্রচারের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বিএসইসি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

আর এক বিচারক খায়রুল বাশার বলেন, বাংলাদেশের মূল শক্তি তারুণ্য। নতুন প্রজন্ম ভিন্নভাবে চিন্তা করে এবং প্রতিযোগিতার ভিডিওগুলোতে তাদের সৃজনশীলতা ও চমৎকার গল্প বলার দক্ষতা ফুটে উঠেছে। তিনি নীতিনির্ধারক ও তরুণদের মধ্যে সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের বৈচিত্র্যের প্রশংসা করেন।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।