পোশাক খাতের প্রযুক্তিনির্ভর প্রদর্শনী বিটিকেজি এক্সপো শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
ছবি: জাগো নিউজ 

রাজধানী ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি এক্সপো-২০২৬)।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২ মেলা পর্যন্ত।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

jagonews24

এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৮টি দেশের ৯০০ প্রদর্শক অংশ নিয়েছেন। মোট ১ হাজার ২০০টি বুথ নিয়ে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ আয়োজন বিস্তৃত।

কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।

প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন প্রযুক্তি, এমব্রয়ডারি, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তিসহ নানা উদ্ভাবনী সমাধান তুলে ধরা হচ্ছে। শিল্পখাতের আধুনিকায়ন, প্রযুক্তি হালনাগাদ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

jagonews24

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও স্বাগত বক্তব্য রাখেন এক্সিবিশনের কনভেনর ফজলে শামীম এহসান। এছাড়াও বক্তব্য রাখেন ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর স্পেন্সার লিন এবং অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ।

ইএইচটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।