চট্টগ্রাম সংলগ্ন ভারতীয় রাজ্যে ভারী বৃষ্টি, ৫ জেলায় স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
মিজোরামে ভারী বৃষ্টিতে দুর্ভোগ/ প্রতীকী ছবি: পিটিআই

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমান্ত সংলগ্ন ভারতের মিজোরাম রাজ্যে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের রাজধানী আইজলসহ পাঁচটি জেলায় বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

মিজোরামের স্কুল শিক্ষা পরিচালক অ্যাঞ্জেলা জোথানপুই জানান, আইজল, সেরছিপ ও লুংলেই জেলায় বুধবার টানা দ্বিতীয় দিনের মতো স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মঙ্গলবার খোলা থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার দক্ষিণ মিজোরামের নাহথিয়াল এবং লংতলাই জেলাতেও স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধস, কাদাপ্রবাহ, পাথর ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন>>
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী
চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
এবারও কি কপাল পুড়বে হাওরের কৃষকের?

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত দুইদিনে ঝড় ও বৃষ্টিতে ৭০টির বেশি ঘরবাড়ি, কয়েকটি গির্জা, স্কুল এবং সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইজলে সর্বোচ্চ ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মামিত, খাওজাওল, সেরছিপ ও সিয়াহা এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আইজল, কোলাসিব, মামিত, চম্পাই এবং সেরছিপ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া বুধবার কোলাসিব এবং বৃহস্পতিবার আইজলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নিকটবর্তী হওয়ায় মিজোরামের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতেও অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: পিটিআই
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।