সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের রাজধানীর গুলশানে অবস্থিত দুটি বিলাসবহুল ফ্ল্যাটে প্রবেশ ও ভেতরের মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক মশিউর রহমান আদালতে জানান, গুলশান-২ এর ৬৬ নম্বর রোডের ১১ নম্বর প্লটে অবস্থিত ৩৭৪৭ ও ৩৮৩২ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট পূর্ব আদেশ অনুযায়ী দুদকের পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার হিসেবে দেখভাল করছেন। তবে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় এবং সংশ্লিষ্ট ব্যক্তি অনুপস্থিত থাকায় রিসিভারের পক্ষে সেখানে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় নির্বিঘ্নে ফ্ল্যাটে প্রবেশ, ভেতরের সম্পদের তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমডিএএ/এমকেআর