কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা হয়, ছবি: জাগো নিউজ

কর কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন  বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা গেলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে কর প্রশাসনের আধুনিকায়ন এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

আব্দুর রাজ্জাক বলেন, এনবিআরে রিহ্যাবের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী আবাসন খাতে নিবন্ধন ব্যয় কমানো প্রয়োজন। সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, করদাতাদের জন্য সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা গেলে রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি বিনিয়োগবান্ধব পরিবেশও তৈরি হবে।

অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএ-সহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা দেশের রাজস্ব ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, কর নীতি সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আহরণ আরও গতিশীল হবে।

ইএআর/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।