রাশিয়া থেকে আসবে ৩৫ হাজার টন এমওপি সার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

রাষ্ট্রীয় চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩৫ হাজার টন মিউরটে অব পটাশ (এমওপি) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ এর মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, আগের চুক্তির মেয়াদা শেষ হওয়ায় গত বছরের ২৪ জুলাই রাশিয়ার এই প্রতিষ্ঠানটির সঙ্গে আবার চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারন করে রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে আমদানি করতে ১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৫৫০ মার্কিন ডলার ব্যয়ের হিসাব দেয় কৃষি মন্ত্রণালয়। প্রতি মেট্রিক টন এমওপি সারের মূল্য ধরা হয়েছে ৩৬৮ দশমিক ১৩ ডলার।

আরও জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছর বিএডিসি কর্তৃক এমওপি সার আমদানরি লক্ষ্যমাত্রা ৮ লাখ ৫৯ হাজার টন। এর মধ্য রাশিয়া থেকে আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৫৫ হাজার টন।

এমএএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।