দ্বিতীয় দফায় শ্রীলঙ্কায় গেল ১২ হাজার টন চাল
দ্বিতীয় দফায় সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ `বাংলার কল্লোল`। শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটি থেকে জাহাজটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার খানসহ শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ২৫ থেকে ৩০ হাজার টন চাল রফতানির ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক।
এর আগে গত ২৭ ডিসেম্বর প্রথম দফায় সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে শ্রীলঙ্কা যায় একটি জাহাজ। এতদিন চাল রফতানি নিষিদ্ধ থাকলেও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে তাদের চাহিদা অনুযায়ী প্রথমবারের মতো ২৫ হাজার টন মোটা চাল রফতানি করে সরকার।