ঢাকার গেন্ডারিয়ায় ব্র্যাক ব্যাংকের নতুন শাখা
অত্যাধুনিক গ্রাহকসেবা প্রদান করার লক্ষ্যে ঢাকার গেন্ডারিয়ায় ব্র্যাক ব্যাংকের নতুন শাখা চালু করা হয়েছে। সম্প্রতি গেন্ডারিয়ার ডিষ্টিলারী রোডে সিটি গ্রুপের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক সেবা পাবেন। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষের কাছে এ সেবা পৌঁছে দেয়ার জন্য ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “এখন গেন্ডারিয়ার সম্মানিত গ্রাহকরা উন্নত অনলাইন ব্যাংকিং সেবা উপভোগ করবেন। আমরা স্থানীয় গ্রাহকদের উৎকর্ষ সেবার অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছি।”
নতুন শাখাটি সিটি গ্রুপ বিল্ডিং, হোল্ডিং ১১৯/ই, ওয়ার্ড ৪৫ (নতুন), ৮১ (পুরাতন), ডিষ্টিলারী রোড, গেন্ডারিয়াতে অবস্থিত। উদ্বোধনের দিনে আশেপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
এই শাখার উদ্বোধনের ফলে এসএমই/কৃষি শাখা ও এস.এম.ই সার্ভিস সেন্টার-সহ ব্র্যাক ব্যাংকের মোট শাখার সংখ্যা হলো ১৬৬টি। এই উদ্বোধনের ফলে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম বৃহৎ অন-লাইন ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত হলো।
এসএ/আরএস/আরআই