অর্থমন্ত্রণালয় ও বিজিএমইএর মধ্যে চুক্তি
পোশাক শিল্পের শ্রমিক ও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সঙ্গে চুক্তি করেছে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্রে চুক্তিটি সাক্ষরিত হয়। বিজিএমইএ-এর পক্ষে সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ এবং অর্থমন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব জালাল আহমেদ চুক্তিতে সই করেন।
উপরোক্ত চুক্তির অধীনে বিজিএমইএ এডিবির অর্থায়নে পরিচালিত দক্ষ মানবসম্পদে বিনিয়োগ কর্মসূচিতে শীর্ষক প্রকল্পের আওতায় আগামী তিন বছরে পোশাক শিল্পের মোট ৪৩ হাজার ৮০০ জন শ্রমিক ও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করবে। কারখানার পুরনো কর্মীদের পাশাপাশি নতুন কর্মীরাও এই প্রশিক্ষনের সুযোগ পাবেন। দেশের ৪০টি প্রশিক্ষন কেন্দ্র ও বিভিন্ন পোশাক কারখানায় এ প্রশিক্ষন প্রদান করা হবে।
উল্লেখ্য যে, পোশাক শিল্পের সমসাময়িক চাহিদার দিকে লক্ষ্য রেখে প্রশিক্ষণ বিষয়বস্তুর মধ্যে শিল্প প্রকৌশল, ফেব্রিক্সের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, মান নিরাপত্তা, টেক্সটাইল টেস্টিং, অগ্নি নিরাপত্তা ও কমপ্লায়েন্সের মতো বিষয়সমূহকে অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখিত প্রকল্প বাস্তবায়নে এডিবি প্রায় ৫২ কোটি টাকা অর্থায়ন করবে।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিএমএ-এর সভাপতি তপন চৌধুরী ও সহ-সভাপতি ফজলুল হক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদসহ অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/বিএ/আরআইপি