রাজনৈতিক অস্থিরতায়ও প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৯ এপ্রিল ২০১৫

বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা ও দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার পরও সরকার প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার দুপুর ১২ টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘ম্যাক্রো ইকোনোমিক পলিসিজ কনভার্জেন্স’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, রাজনীতির নামে বিএনপি-জামাতের ধ্বংশাত্মক কার্যকলাপ মোকাবেলা করে বাংলাদেশ গত অর্ধ যুগেরও বেশি সময় ধরে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। টেকসই আর্থ-সামাজিক অগ্রগতির অভিপ্রায়ে সরকার ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। ফলে শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানী, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান, নারী উন্নয়নসহ সকলখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

শিল্পমন্ত্রী বলেন, শুধু দারিদ্রের হার হ্রাস নয়, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান বর্তমানে সুসংহত। রাজনৈতিক অস্থিরতা, কর্মপরিবেশের নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ এবং বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্তে¡ও চলতি অর্থবছরে প্রথম আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। এখন আর বৈদেশিক ঋণ বা সাহায্য নির্ভর বাজেট নেই। আমাদের উন্নয়ন বাজেটের অর্থ স্থানীয় আয় থেকেই সংকুলান করতে হচ্ছে।

অনুষ্ঠানে বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই) নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) সদস্য মো: ফরিদ উদ্দিন আলোচনায় অংশ নেন। আর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএস এর সিনিয়র রিসার্স ফেলো ড. মো: ইউনুছ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।