মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা দেশকে ইরানের হুঁশিয়ারি
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করবে, তাদের জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সমস্যার মুখে পড়বে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া রোববার বলেন, এখন থেকে যেসব দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা অবশ্যই হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমস্যার মুখোমুখি হবে।
দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা দেশটির অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করেছে।
এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশও একই পথে হেঁটেছে। এসব দেশ ইরানের অস্ত্র কর্মসূচি, মানবাধিকার পরিস্থিতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়নের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
যুদ্ধের শুরুর দিকে তেহরান সতর্ক করেছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় সহায়তা করবে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।
এদিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে কয়েকটি দেশ যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করছে। যুদ্ধ শুরুর পর থেকেই এই জলপথে ইরানের শক্ত অবস্থান দেখা গেছে।
এরই মধ্যে যুক্তরাজ্য জানিয়েছে, সম্ভাব্য নৌ নিরাপত্তা মিশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ পাঠানো হবে, যাতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষিত রাখা যায়।
সূত্র: সিএনএন
এমএসএম