প্রয়োজন নেই তাই সরে দাঁড়িয়েছি : হাবিবুর রহমান


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২০ এপ্রিল ২০১৫

রাষ্ট্রয়াত্ব সোনালী ব্যাংক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদে আমাকে আর দরকার নেই বলে সরকার মনে করছে। সোনালী ব্যাংকের একটি অংশ সরকারকে এমন বুঝিয়েছে। তাই সরকার চাচ্ছিল আমি যেন সরে দাঁড়াই। সরকারের এ সিন্ধান্ত বাস্তবায়ন করতে আমি পদত্যাগ করেছি।

সোমবার জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হাবিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, হলমার্ক কেলেঙ্কারির পর ব্যাংকটিকে পুনর্গঠনের চেষ্টা করেছি। ব্যাংকটি যাতে ঘুরে দাঁড়াতে পারে সে উদ্যোগও নিয়েছি। তবে সোনালী ব্যাংক কর্তৃপক্ষের একটি অংশ সোনালী ব্যাংকের ভাল চায় না। তাই তারা সরকারকে ভুল বার্তা দিয়েছে।

উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার সোনালী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এএইচএম হাবিবুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে সূত্র জানিয়েছে। চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

২০১২ সালের ২৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।