পোশাক শিল্পে সামাজিক আলোচনার আহ্বান আইএলও`র


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২১ এপ্রিল ২০১৫

দেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ব্যাপক সামাজিক আলোচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে সামাজিক আলোচনা ও শিল্প পরিবেশ উন্নয়নে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

আইএলও’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মহাপরিচালক এবং আঞ্চলিক পরিচালক তোসকো নিশিমোতো বলেছেন, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে সামাজিক আলোচনা হলে আশানুরূপ সুফল পাওয়া যাবে এবং শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি হবে।

তিনি বলেন, এ ধরনের আলোচনা শ্রমিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। শ্রমিকদের অধিকার রক্ষায় বেতন ভাতা বৃদ্ধি ও শ্রমিক সংগঠনগুলোকে আরো স্বাধীনতা দিতে হবে।

নিশিমোতো বলেন, এই আলোচনা সরকার, ব্যবসায়ী এবং শ্রমিকদের অভিন্ন স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, সমঝোতা ও তথ্য আদান প্রদানের সুযোগ করে দেবে।

এ ধরনের আলোচনায় শ্রমিক এবং ব্যবসায়ী উভয়েরই স্বার্থ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেনমার্ক এবং নরওয়ে সরকারের সহযোগিতায় আইএলও আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

এসময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ ইমপ্লয়ার্স ফেডারেশনের সহ-সভাপতি সাবরিনা ইসলাম, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজেএমইএ) সহ-সভাপতি এ এইচ আসলাম সানি, শ্রমিকদের শিক্ষা বিষয়ক জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আব্দুল মুকিত খান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) মহাসচিব রায় রমেশ চন্দ্র এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস রেদ্রি আলোচনায় অংশ নেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।