এফবিসিসিআই নির্বাচন: স্বাধীনতা ব্যবসায়ি পরিষদের আংশিক প্যানেল
ব্যবসায়িদের শীর্ষ সংগঠন দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ নির্বাচনে স্বাধীনতা ব্যবসায়ি পরিষদের আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী এই প্যানেলের সভাপতি প্রার্থী থাকবেন।
শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মনোয়ারা হাকিম আলী চেম্বারের ১৬ সদস্যের নাম প্রকাশ করেন।
বিধি মোতাবেক ৩২ জনের প্যানেল থাকে। এর মধ্যে ১৬ জন থাকে চেম্বার থেকে এবং অ্যাসোসিয়েশন থেকে ১৬ জন। শনিবার চেম্বারের ১৬ সদস্যের নাম প্রকাশ করলেও অ্যাসোসিয়েশন প্যানেল ঘোষণা করতে পারেননি স্বাধীনতা ব্যবসায়ি পরিষদ। তবে অ্যাসোসিয়েশন গ্রুপের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে জানিয়েছেন প্যানেলের সভাপতি প্রার্থী মনোয়ারা হাকিম আলী।
সারাদেশে স্বাধীনতার স্বপক্ষের ব্যবসায়িদের ব্যবসা-বাণিজ্যে সবল ও শক্তিশালী করার লক্ষ্যে এ প্যানেল ঘোষণা দেন প্যানেল লিডার মনোয়ারা হাকিম আলী।
তিনি বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনীতির মূল ধারার সঙ্গে নারীকে সম্পৃক্ত করাও এ প্যানেলের লক্ষ্য। এছাড়াও সুদ হার সিঙ্গেল ডিজিটে আনা ও দেশের প্রত্যেক চেম্বার ও অ্যাসোসিয়েশন ই-কমার্সের আওতায় আনা হবে, পাশাপাশি ক্ষদ্র ও মাঝারি শিল্পে উন্নয়ন করা হবে। একই সঙ্গে শেয়ারবাজার স্থিতিশীলতায় কাজ করবে তার স্বাধীনতা ব্যবসায়ি পরিষদ।
ঘোষিত ১৬ সদস্য বিশিষ্ট চেম্বার গ্রুপের এ প্যানেলে রয়েছেন- সাতক্ষীরা চেম্বারের আবুল কাসেম আহমেদ, লক্ষ্মীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, কুষ্টিয়া চেম্বারের বিজয় কুমার কেজরিওয়াল, মুন্সিগঞ্জ চেম্বারের মোহাম্মাদ কোহিনুর ইসলাম, মানিকগঞ্জ চেম্বারের তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শেরপুর চেম্বারের মোহাম্মদ মাসুদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের হাসিন আহমেদ, জয়পুরহাট চেম্বারের মোহাম্মদ আমিনুল বারী, নড়াইল চেম্বারের মোহাম্মদ হাসানুজ্জামান, কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান (ইমরান), ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের তানজিল আহমেদ, নেত্রকোনা চেম্বারের হুমায়ুন রশিদ খান পাঠান (রোমেন), নীলফামারী চেম্বারের আব্দুল ওয়াহেদ সরকার, বরিশাল উইমেন চেম্বারের আঞ্জুমান সালাউদ্দিন এবং রাঙ্গামাটি চেম্বারের রেজা শাহ ফারুক।
প্যানেল ঘোষণার পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রচার শুরু করবেন।
এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন হবে। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ৩০ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জনকে প্রাথমিকভাবে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জনকে ভোটার করা হয়েছে।
এসআই/আরএস/আরআইপি